বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ে মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজ শেখ (২১) নামের এক তরুণ খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত তরুণ শহরের চেলোপাড়ার মোবারক হোসেনের ছেলে।
রেলওয়ে পুলিশের বগুড়া স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, রাত পৌনে ১০টার দিকে রেললাইনের ওপর ওই তরুণকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের শাপলা মার্কেটে ঢুকে পড়েন। পরে সেখানেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি।
বগুড়া সদর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ওই তরুণ এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবী। ছিনতাইয়ের টাকার ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে সহযোগীদের ছুরিকাঘাতে যুবকটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।