বগুড়ায় পুলিশ-অবরোধকারী সংঘর্ষ, আটক ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলার সময় পুলিশ গুলি চালিয়েছে। এ সময় একটি ট্রাকেও আগুন দেয় অবরোধকারীরা।

ঘটনার পর সদর উপজেলা বিএনপির সহসভাপতিসহ ১৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় বিএনপির নেতৃত্বে ২০-দলীয় জোটের একটি সমাবেশ হয়। সমাবেশ শেষে সকাল ১০ টার দিকে পুলিশের একটি সাঁজোয়া (এপিসি) যান লক্ষ্য করে ককটেল ছোড়ে অবরোধকারীরা। এর জের ধরে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় অবরোধকারীরা অন্তত ১২ টি ককটেল ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল এবং ৩৫ থেকে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এরপর হামলাকারীদের গ্রেপ্তারে মাটিডালি এলাকার আশপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় যৌথ বাহিনী। বেলা একটা পর্যন্ত মাটিডালি এলাকার আশপাশের বিভিন্ন গলি ও মহল্লায় অভিযান চালিয়ে সদর থানা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান ও নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামসহ ১৬ জনকে আটক করে পুলিশ।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেন, অবরোধের সমর্থনে সমাবেশ শেষে চলে যাওয়ার সময় পুলিশ বিনা উসকানিতে গুলি চালায়। এখন অভিযানের নামে নির্দোষ লোকজনকে গণগ্রেপ্তার করা হচ্ছে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান বলেন, বিএনপি-জামায়াতের সমাবেশের পর ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। এখন নাশকতাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
এদিকে পুলিশের অভিযান চলার সময়ই মহাসড়কের বারপুর এলাকায় চিনিভর্তি একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা, এতে ট্রাকের সব চিনি পুড়ে যায়।