বগুড়ায় পুলিশ-শিবির সংঘর্ষ, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের স্টেশন রোডে ইসলামী ছাত্রশিবিরের মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালান শিবিরের কর্মীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাতটি ফাঁকা গুলি ছোড়ে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন সরকারি আজিজুল হক কলেজ শাখা শিবিরের সভাপতি শমিমুর ইসলাম এবং শিবিরের কর্মী রেজাউল করিম, শরিফুল ইসলাম, কায়েস মাহমুদ ও মুশফিকুর রহমান।

ছাত্রশিবিরের কয়েকজন নেতা জানান, গত হরতাল চলাকালে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে শিবিরের এক কর্মী আহত হন। গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে দেশজুড়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে শিবির। এরই অংশ হিসেবে সকাল সাড়ে আটটার দিকে বগুড়া শহরে মিছিল বের করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়জুর রহমানের দাবি, ‘ঝটিকা মিছিলের জন্য শিবির কর্মীরা শহরের স্টেশন সড়কে প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শিবিরের কর্মীরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষায় সাতটি গুলি ছোড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়।’

তবে ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার প্রচার সম্পাদক খোন্দকার বিপ্লব দাবি করেন, শহরের সাতমাথা থেকে মিছিল নিয়ে স্টেশন রোডের হকার্স মার্কেটের সামনে শিবিরের সমাবেশ চলছিল। এ সময় পুলিশ সমাবেশে গুলি বর্ষণ করে। শিবির কোনো প্রকার ককটেল হামলা চালায়নি বলে দাবি করেন তিনি।