বগুড়ায় পূজামণ্ডপে অগ্নিসংযোগ
বগুড়া শহরের ঠনঠনিয়া হিন্দুপাড়া বটতলা কালীমন্দির চত্বরে পূজামণ্ডপে গতকাল রোববার ভোরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে মন্দির চত্বরের সাজসজ্জা ও দর্শনার্থী-পুণ্যার্থীদের জন্য গড়ে তোলা শৈল্পিক ‘আদিম গুহা’।
খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করে বলেন, ‘এটা পরিকল্পিত নাশকতা। তবে দুর্গাপূজার পর মন্দিরে কোনো প্রতিমা ছিল না। শুধু মন্দিরের সাজসজ্জা পুড়েছে। নাশকতাকারীদের আটকের চেষ্টা চলছে। ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হবে।’
মহালয় যুব সংঘের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস বলেন, ‘দুর্গোৎসবের পরপরই লক্ষ্মী ও কালীপূজা ঘনিয়ে আসে। এই তিন পূজাকে পুণ্যার্থীদের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে এবার ‘আজব গুহা’ তৈরির উদ্যোগ নেওয়া হয়। দুর্গা প্রতিমা বিসর্জনের পরও এই ‘আজব গুহা’সহ মন্দিরের সাজসজ্জা ঠিক রেখে লক্ষ্মী ও কালীপূজার জন্য প্রস্তুতি চলছিল। কিন্তু দুর্বৃত্তরা মন্দিরের পেছন থেকে গতকাল ভোর ছয়টার দিকে আগুন দেয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে।’