বগুড়ায় পেট্রলবোমায় দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের মধ্যে বগুড়া সদর উপজেলার নুনগোলা এলাকায় আজ বৃহস্পতিবার রাতে আসবাবপত্রবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধ তিনজন হলেন ট্রাকের চালক টিটন মিয়া, সহকারী আবদুর রহিম ও ব্যবসায়ী সাজু মিয়া। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, ট্রাকটি আসবাব নিয়ে সদর উপজেলার নামুজাবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। রাত আটটার দিকে নুনগোলা এলাকায় দুর্বৃত্তরা চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছুড়লে আগুন ধরে যায়। এতে চালকসহ তিনজন দগ্ধ হন।

এ দিকে রাত নয়টার দিকে শহরের শেরপুর সড়কে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ সুপার মোজাম্মেল হক ককটেল ছোড়ার কথা জানান। তবে কেউ আহত হয়েছে কি না, তা নিশ্চিত করেননি।