বগুড়ায় পেট্রলবোমায় পুড়ল ট্রাক, পুলিশের দাবি দুর্ঘটনা

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে রংপুর-ঢাকা মহাসড়কে আজ বুধবার সন্ধ্যায় আলুবাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান দাবি করেন, ‘যান্ত্রিক ত্রুটি থেকে ট্রাকটিতে আগুন ধরে গেছে বলে মনে হচ্ছে। জনাকীর্ণ বাজারে পেট্রলবোমা নিক্ষেপ করলে লোকজনের নজরে আসত। এটি নাশকতার ঘটনা নয়।’
ট্রাকের চালক আশরাফুল ইসলাম জানান, ২৬৮ বস্তা আলু নিয়ে বগুড়ার বুড়িগঞ্জহাট থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। পথে মাঝিড়া বন্দরে আসার পর সন্ধ্যা ছয়টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশ থেকে ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। মুহূর্তেই আগুন ধরে যায় ট্রাকে। এ সময় তিনি ট্রাক থামিয়ে সহকারীকে নিয়ে ট্রাক থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আগুন নেভান।
ট্রাকের মালিক মামুনুর রশীদ জানান, পেট্রলবোমা মেরে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রাকের চালক ও সহকারী কোনোরকমে প্রাণ বাঁচিয়েছেন।