বগুড়ায় ফিলিং স্টেশনে পেট্রলবোমা হামলা
বগুড়ার মহাস্থানগড় এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে উত্তরণ ফিলিং স্টেশন নামের একটি পেট্রলপাম্পে আজ বুধবার রাতে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। পেট্রলবোমার আগুনে ফিলিং স্টেশনের অকটেন সরবরাহের একটি মেশিন ও ক্যাশ কাউন্টারের আসবাব পুড়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সড়ে নয়টার দিকে মুখোশধারী ৮-১০ জন দুর্বৃত্ত পেট্রলপাম্পে ঢুকে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি অকটেন সরবরাহ করার মেশিনে ও আরেকটি ক্যাশ কাউন্টারে পড়ে সেখানে আগুন ধরে যায়। টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হরতাল-অবরোধ সমর্থকদের কাজ। পুলিশ ১০ রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়। দ্রুত আগুন নেভানোর ফলে বড় ধরনের নাশকতা থেকে ফিলিং স্টেশনটি রক্ষা পেয়েছে। এ ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার পেট্রলপাম্প মালিকদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে।