বগুড়ায় বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলা!
বগুড়ায় ছাত্রলীগের মিছিল থেকে শহর বিএনপি এবং জাতীয়তাবাদী শ্রমিকদলের জেলা কার্যালয়ে হামলা ও ভাংচুর চালানো হয়েছে। এ সময় মিছিলকারীরা জেলা ও শহর বিএনপির দুই কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। তবে পুলিশ এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে হামলার ঘটনা ঘটে।
এদিকে হামলা-ভাংচুরের পরপরই শহরে থেমে থেমে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটনো হয়েছে। রাত পৌনে দশটা পর্যন্ত শহরে সাতমাথার আশেপাশে এলাকায় অন্তত ৩০ টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম অভিযোগ করেছেন, ‘পুলিশের সামনেই ছাত্রলীগের মিছিল থেকে শহর বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিকদলের বন্ধ কার্যালয়ে কাপুরুষিত হামলা চালানো হয়েছে। এ সময় হামলাকারীরা জেলা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করছে।’
অন্যদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার জেলা বিএনপির মিছিল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীনের শহরের বড়গোলা এলাকার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এ সময় দলীয় ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেছে বিএনপির কর্মীরা। প্রতিবাদে ছাত্রলীগে সন্ধ্যায় শহরে মিছিল করেছে। ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কার্যালয়ে কোনো হামলার ঘটনা ঘটেনি।’
জেলা বিএনপির কয়েকজন নেতা জনান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার জন্য রাজধানীর বকশিবাজারে দলীয় লোকজনের উপর হামলা চালায় ছাত্রলীগ । এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকেলে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জেলা বিএনপির মিছিলটি সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক হয়ে বড়গোলা এলাকা অতিক্রম করার সময় জেলা আওয়ামী লীগের মমতাজ উদ্দিনের ভবনের কার্যালয়ে ঢিল ছোড়া হয়। এ সময় সড়ক বিভাজনে থাকা ক্ষমতাসীন দলের কয়েকটি ফেষ্টুনও ছিড়ে ফেলারও ঘটনা ঘটে। এরপর বিএনপির মিছিলটি শহরের নওয়াববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে রাত সাড়ে আটটার দিকে কার্যালয় বন্ধ করে চলে যান বিএনপির নেতা-কর্মীরা।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে হামলার অভিযোগ এনে রাত সাড়ে আটটার দিকে শহরের সাতমাথার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলে অংশ নেন যুবলীগের কর্মীরাও। মিছিল থেকে শহরের টেম্পল সড়কের শহর বিএনপির কার্যালয় ও জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় কার্যালয়ে ভেতর ঢুকে হামলাকারীরা চেয়ারটেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে। পরে হামলাকারীরা শহর বিএনপি কার্যালয় ছাড়াও নওয়াববাড়ি সড়কের জেলা বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দাবী করেন, বিক্ষোভ-সমাবেশ শেষে কার্যালয়ে তালা দিয়ে নেতাকর্মীরা চলে আসেন। কিন্ত ক্ষমতাসীন দলের লোকজন বন্ধ কার্যালয়ে হামলা চালিয়ে নির্বিচারে ভাংচুর চালায়। এ সময় তাঁরা শহর ও জেলা বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার প্রথম আলোকে বলেন, ‘কিছু লোকজন বিএনপির কার্যালয়ের সামনে কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পুলিশ দ্রুত আগুন নিভিয়ে ফেলেছে। তবে তারা কারা তা পুলিশ সনাক্ত করতে পারেনি। এরপর থেকে শহরে থেমে থেমে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। কারা ককটেল বিস্ফোরণ ঘটনাচ্ছে তা এখনও পুলিশ নিশ্চিত নয়।’