বগুড়ায় বেড়েছে নারী নির্যাতন
বগুড়ায় খুনোখুনি কমছে না। ২০১৪ সালে জেলায় ৯৫টি খুনের ঘটনা ঘটেছে। আগের বছর (২০১৩) রাজনৈতিক সহিংসতায় গুলিতে নিহতসহ খুনের ঘটনা ঘটেছিল ১০৪টি।
২০১৪ সালে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা। তবে কমেছে শিশু নিপীড়নের ঘটনা।
বগুড়া জেলা পুলিশের অপরাধ তদন্ত শাখা সূত্রে জানা গেছে, এ বছরের আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে ছিল ২৪ অক্টোবর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিজ দলের নেতা-কর্মীর হাতে জেলা সৈনিক লীগের আহ্বায়ক শিমুল হক খান ওরফে রেহান খুন হওয়া। ২ অক্টোবর শহরের রাজাবাজারে জুয়েলারি ব্যবসায়ী জিয়াউল হককে কুপিয়ে হত্যা করা হয়। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
২১ জানুয়ারি শহরের সাতমাথায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে খুন হন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল বাকী। প্রায় একই সময় শহরের সেউজগাড়ি আমতলা এলাকায় হত্যা করা হয় যুবলীগের কর্মী আবদুল মজিদকে। ২৪ জানুয়ারি কলোনি এলাকায় খুন হন ব্যবসায়ী রফিকুল ইসলাম।
১০ মার্চ শহরের কাটনারপাড়া এলাকার পরিবহন ঠিকাদার মোজাম্মেল হককে গুলি করে হত্যার পর লাশ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। ২ মে শহরের সাবগ্রাম এলাকায় কলেজছাত্র আরিফুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা ও ১৬ মে শহরের পুরানবগুড়া এলাকায় মুক্তিপণ না পেয়ে শিশু শাহরিয়ার নাফিজকে জবাই করে হত্যা করা হয়। এ ছাড়া ২২ মে জেলার রায়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদের বাড়িতে গুলিতে ফরহাদ হোসেন নামে এক যুবলীগ কর্মী নিহত হন। ৩০ মে শহরের মালতিনগর এলাকায় বাবার হাতে খুন হয় কিশোরী আসমা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে বগুড়ায় খুন হয় ৪০১ জন। ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় খুন হয়েছে ১৭০ জন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের পাঁচ বছরে খুন হয় ৪৫৫ জন। তবে ২০১৩ সালের তুলনায় কমেছে শিশু নিপীড়নের ঘটনা। এ বছর শিশু নিপীড়নের ঘটনা ঘটেছে ৬৩টি। ২০১৩ সালে এ ধরনের ঘটনা ঘটে ৮২টি। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ১১৪টি।
গত বছর নারী নির্যাতনের ঘটনায় শুধু থানায় মামলা হয়েছে ২৭৮টি। ২০১৩ সালে নারী নির্যাতনের ঘটনায় মামলার সংখ্যা ছিল ২৪৩টি।
২০১৩ সালে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছিল একটি। ২০১৪ সালে ঘটেছে দুটি। এ বছর বিভিন্ন অপরাধে তিন হাজার ৮৪৯টি মামলা হয়েছে। ২০১৩ সালে মামলার সংখ্যা ছিল সাড়ে তিন হাজার।
অপরাধ তদন্ত শাখার তথ্য অনুযায়ী জেলায় দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার সংখ্যা অনেক কমেছে। দুটি ধারায় গত এক বছরে ৬২টি মামলা হয়েছে। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১০০।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, শহরে খুনের ঘটনা ঘটছে আধিপত্য বিস্তার, জমি দখল, মাদক, বালুর ব্যবসা, টেন্ডারবাজি, ভাগ–বাঁটোয়ারা ও রাজনৈতিক বিরোধে। গ্রামে খুনোখুনি হচ্ছে জমিজমা নিয়ে বিরোধ ও পারিবারিক দ্বন্দ্ব-সংঘাতে। সার্বিক বিবেচনায় খুনের ঘটনা বাড়েনি। পাঁচ বছর আগের তুলনায় যতটা জনসংখ্যা বেড়েছে সেই তুলনায় খুনোখুনি বাড়েনি।