বগুড়ায় রেলে নাশকতা ঠেকাতে আনসার-ভিডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় রেললাইনে নাশকতা ঠেকাতে আনসার-ভিডিপির সদস্যরা পাহারা দিচ্ছেন। দিন-রাতে ছয় ঘণ্টা করে পর্যায়ক্রমে ৬৪ জন সদস্য এ কাজ করছেন। তবে নাশকতা ঠেকাতে তাঁদের হাতে লাঠি ও টর্চলাইট ছাড়া কোনো ভারী অস্ত্র নেই।

দুপচাঁচিয়া ও কাহালু উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্র জানায়, দুপচাঁচিয়ার তালোড়া রেলস্টেশনের দুই পাশে পাঁচটি স্থানে ৪০ জন ও কাহালু রেলস্টেশনের তিনটি স্থানে ২৪ জন সদস্য পাহারা দিচ্ছেন। ১২ জানুয়ারি থেকে দিন-রাত পর্যায়ক্রমে ছয় ঘণ্টা করে এ এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। তবে তাঁদের পারিশ্রমিক কত হবে তা জানানো হয়নি।

কাহালু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজুল হাসান বলেন, আনসার ভিডিপির সঙ্গে স্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। আনসার ভিডিপির সদস্যরা স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে কাজ করেন। এ কাজের জন্য পারিশ্রমিক কত টাকা করে দেওয়া হবে, তা জানানো হয়নি।

তালোড়া রেলস্টেশনের মাস্টার দেওয়ান শামসুল হক বলেন, রেললাইনে নাশকতা ঠেকাতে সরকার এ ব্যবস্থা নিয়েছে। সদস্যরা প্রতিদিনই বিভিন্ন স্থানে কাজ করছেন।