বগুড়ায় লক্ষ্মী প্রতিমা ভাঙচুর
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর-লাঠিগঞ্জ বাজারসংলগ্ন মালিপাড়া পূজামণ্ডপের লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে মন্দির থেকে প্রায় ২০০ গজ দূরে প্রতিমাটি ভাঙা অবস্থায় পাওয়া যায়।
মালিপাড়া পূজামণ্ডপ কমিটির সভাপতি প্রমথ মালি প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার লক্ষ্মীপূজা শেষে প্রতিমা বিসর্জন না দিয়ে তা মন্দিরে রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু দুই দিনের মাথায় দুর্বৃত্তরা রাতের আঁধারে মন্দির থেকে প্রতিমাটি চুরি করে। গতকাল ভোরে এক নারী পুণ্যার্থী মণ্ডপে গিয়ে দেখেন, সেখানে প্রতিমাটি নেই। পরে মন্দিরের অদূরে একটি পুকুরের পাড়ে ভাঙা প্রতিমা দেখতে পেয়ে আশপাশের সবাইকে ডেকে আনেন।
জানতে চাইলে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, ‘প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি।’