বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গতকাল রোববার নাজমা আখতার (২০) নামের এক কলেজছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী সিরাজুল ইসলামের (৩৫) বিরুদ্ধে। প্রথম বিয়ের কথা ফাঁস হওয়ায় ও যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর-শাশুড়ির সামনেই নাজমাকে সিরাজুল হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের সিরাজুল সাত মাস আগে কলেজছাত্রী নাজমাকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর আগের স্ত্রী ও সন্তানের কথা জেনে যান নাজমা। নাজমা প্রথম বিয়ের কথা জানতে পারায় ও নাজমার পরিবার যৌতুকের ৫০ হাজার টাকা না দেওয়ায় গতকাল বেলা পৌনে ১১টার দিকে তাঁকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেন সিরাজুল। পরে সিরাজুল পালিয়ে যান। খবর পেয়ে নাজমার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত দা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। পরে নাজমার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
নাজমার বাবা বগুড়ার গাবতলীর বাগবাড়ী গ্রামের আবদুল খালেক প্রামাণিক জানান, নাজমা স্থানীয় বাগবাড়ী ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন। প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে নাজমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সিরাজুল। পরে তাঁদের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে যাওয়ার পর নাজমা জানতে পারেন, বগুড়া শহরতলির সাবগ্রামে সিরাজুলের আরেক স্ত্রী আছেন। ওই ঘরে তাঁদের তিন বছরের এক মেয়ে আছে। প্রথম বিয়ের কথা নাজমা জেনে যাওয়ার পর থেকেই সিরাজুল ৫০ হাজার টাকা যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন। ইতিমধ্যে ছয় হাজার টাকা পরিশোধও করা হয়েছে।
আবদুল খালেক আরও জানান, গত শনিবার রাতে তিনি স্ত্রী আনজুআরা বেগমকে সঙ্গে নিয়ে মেয়ের জামাইকে শীতের পিঠার দাওয়াত দিতে যান। রাতে জামাইকে দাওয়াত দেন ও বলেন কাল (রোববার) সকালে পিঠা খাওয়ার জন্য নাজমাকে নিয়ে যাবেন। কিন্তু সিরাজুল আগে যৌতুকের ৫০ হাজার টাকা পরিশোধের কথা বলেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে মেয়েকে নেওয়ার জন্য বাড়ির উঠানে স্ত্রীকে নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় জামাইয়ের ঘর থেকে মেয়ের চিৎকার শুনতে পান। এ সময় ছুটে গিয়ে দেখেন সব শেষ! নাজমার ঘাড়, পেটসহ শরীর দা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেছেন সিরাজুল।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ওয়াহেদুজ্জামান জানান, এ ঘটনায় আবদুল খালেক বাদী হয়ে সিরাজুলকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় একটি হত্যা মামলা করেছেন।