বগুড়ায় ১৪ দিনে পাঁচ শতাধিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে বর্তমানে বন্দীর সংখ্যা প্রায় তিন গুণ। এর পরও কারাগারে প্রতিদিনই আসামির সংখ্যা বাড়ছে। গত ১৭ দিনে নাশকতা-ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে ছয় শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে অবরোধ শুরু হওয়ার পর থেকে যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে ২৭টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে বিএনপি-জামায়াতের ১ হাজার ৩৫০ নেতা-কর্মীকে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে পাঁচ নেতা-কর্মীকে।
বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক বজলুর রশিদ আকন্দ জানান, এই কারাগারের ধারণক্ষমতা ৭০৮ জন। গতকাল বুধবার পর্যন্ত কারাগারে বন্দীর সংখ্যা ছিল ২ হাজার ১৫১ জন। এই বন্দীর মধ্যে প্রায় ১ হাজার ৩০০ জনই হাজতি।
বগুড়া জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, দেশজুড়ে চলমান ২০-দলীয় জোটের টানা অবরোধে এ পর্যন্ত বগুড়ায় ২৪টি যানবাহনে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭টি পণ্যবাহী ট্রাক, ছয়টি বাস ও একটি ব্যক্তিগত গাড়ি রয়েছে। ভাঙচুর হয়েছে শতাধিক যানবাহন। গাড়ি পোড়ানো ও ভাঙচুর-নাশকতায় জড়িত থাকার অভিযোগে সদর, শাজাহানপুর, শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম থানায় গতকাল পর্যন্ত ২৭টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াতের ৬২৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরও ৭০২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর মধ্যে ধুনট থানা পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় সর্বোচ্চ ২৬৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর-এ-আলম সিদ্দিকী জানান, মহাসড়কের মাটিডালি এলাকায় ট্রাক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ এবং বারপুর ও সিলিমপুর এলাকায় ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত রোববার সদর থানায় পৃথক দুটি মামলা করেছে। এসব মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান, পৌর কাউন্সিলর মাসুদ রানা, হারুনুর রশীদসহ বিএনপি-জামায়াতের ১৩০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, সরকারবিরোধী চলমান আন্দোলন দমাতে বিনা দোষে হাজার হাজার নেতা-কর্মীর ঘাড়ে মামলার বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনো প্রকার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই শত শত নেতা-কর্মীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। গ্রেপ্তার অভিযানের নামে বাড়িঘর তল্লাশি করা হচ্ছে। পুলিশের ভয়ে হাজার হাজার নেতা-কর্মী এখন ঘরছাড়া। এত জুলুম-নির্যাতন-নিপীড়নের পরও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলনের মাঠে সক্রিয় রয়েছেন ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, অবরোধের ১৭ দিনে পুলিশি নিরাপত্তায় মহাসড়কে লক্ষাধিক যান চলাচল করেছে। এত যানবাহন পারাপারের সময় কয়েকটি গাড়িতে হামলার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা। এসব গাড়িতে অগ্নিসংযোগ-নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দেওয়া হয়েছে। নির্দোষ কারও বিরুদ্ধে মামলা দায়ের বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি।