বগুড়ার দুপচাঁচিয়ায় বাসে পেট্রলবোমা, চালক আহত
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি বাসস্ট্যান্ডের কাছে আজ রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের চালক শহীদুল ইসলাম আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে লিখি এন্টারপ্রাইজ নামের ওই বাসে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি পেট্রলবোমা বাসের গ্লাস ভেঙে চালকের গায়ে লাগে। সেটি বিস্ফোরণ হয়নি। গ্লাসের ভাঙা টুকরা লেগে চালক শহীদুল আহত হন। তাঁকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য দুটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে বাসের কয়েকটি আসনে আগুন ধরে যায়। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁরা আগুন নেভান।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী ঘটনার কথা স্বীকার করে বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।