বগুড়ার নন্দীগ্রামে কুঁচিয়াভর্তি পিকআপ ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে দুর্বৃত্তরা ৫০ মণ কুঁচিয়াভর্তি এক পিকআপ ছিনতাই করেছে। কালিগঞ্জ-কাথম সড়কের নন্দীগ্রাম উপজেলার ঢাকইর নামক স্থানে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নাটোরের সিংড়ার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী বিষ্ণুপদ সরকার বলেন, ছিনতাই হওয়া কুঁচিয়ার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। কালিগঞ্জ বাজার থেকে এসব কুঁচিয়া কিনে শনিবার রাতে পিকআপ ভ্যানে করে রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল। এ সময় পথে তা দুর্বৃত্তদের কবলে পড়ে। দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে। পরে তারা পিকআপ ভ্যানের চালক-সহকারী ও তাঁর হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায়। সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় খালি পিকআপটি উদ্ধার হলেও পুলিশ এখনো কুঁচিয়া উদ্ধার করতে পারেনি।
নন্দীগ্রাম থানা-পুলিশ বলে, কালিগঞ্জ-কাথম সড়কের ঢাকইর এলাকায় সড়কে দুর্বৃত্তরা আগে থেকে ওত পেতে ছিল। রাত একটার দিকে কুঁচিয়াবাহী পিকআপটি সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে। পরে কুঁচিয়া ব্যবসায়ী, চালক ও তাঁর সহকারী কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে থানায় খবর দেয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেছে। এ বিষয়ে কুঁচিয়া ব্যবসায়ী বিষ্ণুপদ সরকার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।