বগুড়ার শীর্ষ সন্ত্রাসী স্বর্গ ফের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র নিরঞ্জন চক্রবর্তী ওরফে দীপু হত্যাসহ আলোচিত আরও ছয়জনকে হত্যা মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাফিদ আনান ওরফে স্বর্গকে ফের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আদালত থেকে সব কটি মামলায় জামিন নিয়ে গত রোববার বগুড়া কারাগার থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কারা ফটক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, রাফিদ আনান কিশোর বয়স থেকেই ঠান্ডা মাথার ভয়ংকর খুনি। ২০১২ সালে কলেজছাত্র দীপু হত্যা ছাড়াও এ পর্যন্ত আলোচিত ছয়টি হত্যাকাণ্ড ঘটিয়েছে রাফিদ। তার বাবা শহরের শীর্ষ সন্ত্রাসী লিয়াকত পুলিশের ক্রসফায়ারে মারা যাওয়ার পর লিয়াকত বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন রাফিদ। ঈদ সামনে রেখে শহরে বড় ধরনের অপরাধী কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা নিয়ে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসছে রাফিদ—এ খবর পেয়ে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযানে নেমে গুলিভর্তি শাটারগান উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার বলেন, রাফিদ আনানের বিরুদ্ধে আগে থেকে ছয়টি হত্যা মামলা ছিল। নতুন করে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।