বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া রেলস্টেশন এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গতকাল শহরের সেউজগাড়ি ও চকসূত্রাপুর এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের সময় কয়েকজনের হাতে রামদা দেখা যায়। একজনকে মাটিতে ফেলে মারধর করা হয়। ছবি l প্রথম আলো
বগুড়া রেলস্টেশন এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গতকাল শহরের সেউজগাড়ি ও চকসূত্রাপুর এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের সময় কয়েকজনের হাতে রামদা দেখা যায়। একজনকে মাটিতে ফেলে মারধর করা হয়। ছবি l প্রথম আলো

বগুড়া রেলস্টেশন এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে শহরের সেউজগাড়ি ও চকসূত্রাপুর এলাকার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে শহরের রেলস্টেশন এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন জহুরুল ইসলাম , সিরাজুল ইসলাম, শাহ আলম, আলমগীর হোসেন, শিরিন বেগম ও রাকিব হোসেন। এঁদের মধ্যে জহুরুল ইসলাম ও সিরাজুল ইসলামকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বগুড়া রেলস্টেশন এলাকায় মাদক, জুয়া ও ফুটপাতের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সেউজগাড়ি ও চকসূত্রাপুর এলাকার বিবদমান দুটি পক্ষের মধ্যে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে। গতকাল দুপুরে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। খবর পেয়ে শহরের স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।