বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়া শহরের উপকণ্ঠ সাবগ্রাম এলাকায় মনিরুজ্জামান মানিক (৩০) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় রাতুল ইসলাম (১৮) নামে অপর এক সহযোগী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
মনিরুজ্জামান মানিক বগুড়া জেলা ছাত্রলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবগ্রাম বন্দর যুবলীগের সভাপতি এবং রাতুল যুবলীগের কর্মী। বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল মনিরুজ্জামান মানিকের। এর জের ধরে রাত সাড়ে আটটার দিকে মানিক ও রাতুলের ওপর হামলার ঘটনা ঘটতে পারে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।