
বগুড়া শহরের চক লোকমান এলাকার খোন্দকারপাড়ায় গত বৃহস্পতিবার রাতে শহর যুবলীগের নেতা গোলাম হাফিজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে হাফিজের এক শ্যালকের বাড়িতে আগুন দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, হাফিজের (৪০) প্রশ্রয়ে তাঁর তিন শ্যালকের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। সেই জনরোষেই তাঁকে প্রাণ দিতে হয়েছে। তবে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হাফিজের পরিবার একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করেছে পুলিশ। হাফিজ শহরের জলেশ্বরীতলা এলাকার লুৎফর রহমানের ছেলে।
বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, হাফিজ বগুড়া শহর যুবলীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির কোনো অভিযোগ ছিল না। শ্যালকদের নেতিবাচক কর্মকাণ্ডের শিকার হতে হলো তাঁকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজের তিন শ্যালক মিলু, মুক্তি ও মিঠু দীর্ঘদিন ধরে যুবলীগের নেতা-কর্মী পরিচয় দিয়ে চক লোকমান এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। তিন ভাইয়ের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে এলাকাবাসী গত বৃহস্পতিবার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন। তার পরও ওই দিনই সন্ধ্যায় তিন ভাই দলবল নিয়ে চক লোকমান এলাকায় একটি আবাসন কোম্পানির কর্মকর্তার কাছে চাঁদা চাইতে যান। এ সময় উপস্থিত লোকজন ও এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে জনতা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। উত্তেজিত জনতার প্রতিরোধের মুখে তাঁরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। জনতা ওই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এরপর বিক্ষুব্ধ জনতা চক লোকমান এলাকায় মিলুর বাড়িতে চড়াও হয়ে অগ্নিসংযোগ করে। মিলুকে না পেয়ে তাঁর ভগ্নিপতি গোলাম হাফিজের ওপর চড়াও হয়। তারা হাফিজকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পাশে করতোয়া নদীতে ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
হাফিজের বোন জেলা যুব মহিলা লীগের সভাপতি ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাইজিন আরা অভিযোগ করেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যুবলীগ করার কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নান বলেন, মিলু ও তাঁর সহযোগীদের চাঁদাবাজির জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এটা গণপিটুনি নয়। গোলাম হাফিজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বলেন, এক দিন আগেই এলাকাবাসী মিলু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ দিয়েছিল পুলিশকে। তখনই ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এসপি বলেন, ‘আমি ছুটিতে থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সন্ত্রাসী মিলুর ওপর ক্ষোভ ঝাড়তেই তাঁর ভগ্নিপতিকে হত্যা করেছে এলাকাবাসী। তবে আইন হাতে তুলে নেওয়ার এখতিয়ার কারও নেই। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সন্ত্রাসী মিলুর চাঁদাবাজির বিষয়টিও তদন্ত করা হবে।’