বগুড়ায় সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের দিন দুই পক্ষের সংঘর্ষে আহত এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আবদুল মজিদ (৬৫)। তিনি কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর বাড়ি সারিয়াকান্দি উপজেলার রোহদহ গ্রামে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওয়াহেদুজ্জামান বলেন, ২২ মার্চ ভোটের দিন সন্ধ্যায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন আবদুল মজিদ।
তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দাবি করেন, আওয়ামী লীগের দুই পক্ষ নয়, স্থানীয় বিএনপির একটি পক্ষের সঙ্গে ভোটের দিন সামান্য মারামারির ঘটনা ঘটে।
ওসি ওয়াহেদুজ্জামান বলেন, গুরুতর আহত মজিদকে বগুড়া শহরের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।