বগুড়া ও রাজশাহীতে কিশোরসহ দুজনের লাশ উদ্ধার
রাজশাহীর চারঘাটে উপজেলার পদ্মা নদীর বালুঘাট থেকে গতকাল শনিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন আদমদীঘি উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আকবর আলী (৪৫) চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী সাহারা বেগম বলেন, আকবর গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে বের হন। পরে আর ফিরে আসেননি।
স্থানীয় লোকজন বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর এলাকার বালুঘাটে তাঁর লাশ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। লাশের পা দড়িতে বাঁধা ছিল। গলায়ও দড়িতে বাঁধা ছিল।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, আকবর আলীর নামে থানায় কোনো মামলা নেই। তবু এলাকায় তিনি মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে তিনি তাঁর ভাগনের দোকান থেকে সিগারেট নিয়েছেন বলে জানা গেছে। এর এক ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আকবরের শরীরে বড় ধরনের আঘাতের কোনো চিহ্ন ছিল না। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অন্য ঘটনায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের গোদারপুকুরে ওই কিশোরের লাশ দেখতে পায় গ্রামবাসী। পরে তাঁরা পুলিশকে খবর দেন। আদমদীঘি থানার ওসি শওকত কবির বলেন, কিশোরের পরনের প্যান্ট-জামা ছিল এবং দড়িতে তার হাত-পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা ওই পুকুরের পাশের সরিষাখেতে তাকে হত্যা করে এবং লাশ পুকুরে ফেলে দেয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত করার জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।