বগুড়া ও সিরাজগঞ্জে এক ব্যবসায়ীসহ তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গতকাল সোমবার এক ব্যবসায়ী খুন হয়েছেন। একই দিন ধুনটে গাছ থেকে একটি আম পাড়ার ঘটনায় মারধরে এক ব্যক্তি খুন হয়েছেন। এদিকে সিরাজগঞ্জের তাড়াশে মারধরে আহত এক ব্যক্তি গত রোববার মারা গেছেন।

নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের কুসুম্বী ইউনিয়নের চণ্ডেশ্বর গ্রামের বাসিন্দা সার ও কীটনাশক ব্যবসায়ী আনিছুর রহমান (৩৩), ধুনটের শুকুর আলী (৪৮) ও তাড়াশের মো. আবদুস সামাদ (৫৮)।

নাম প্রকাশে অনিচ্ছুক শেরপুরের দুজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বোর্ডেরহাট তিনমাথা মোড়ে চণ্ডেশ্বর গ্রামের তছলিম উদ্দিনের (৩০) নেতৃত্বে চারজন ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আনিছুরের ওপর ওই হামলা চালান। এ সময় আনিছুর পাশের একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা দোকানের ভেতরে ঢুকে আনিছুরকে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরে তিনি মারা যান।

আনিছুরের ভগ্নিপতি নজরুল ইসলাম বলেন, প্রায় চার মাস আগে আনিছুরের আলুখেতের ফসল নষ্ট করা নিয়ে তছলিমের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল এই হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল বিকেলে তছলিমকে আটক করা হয়। এ ছাড়া একটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

ধুনট থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামের বাসিন্দা শুকুর গতকাল সকাল ৮টার দিকে বাড়ি থেকে পাশের রায়গঞ্জের ব্রহ্মগাছা বাজারে যাচ্ছিলেন। পথে শুকুর রানডিলা আতাউল্লাহ গ্রামের শফিকুল ইসলামের বাড়ির বাগানের গাছ থেকে একটি আম পাড়েন। এ সময় শফিকুলের মেয়ে আম পাড়ার অপরাধে শুকুরকে গালিগালাজ করে। এতে শুকুর ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। পরে ওই মেয়ের পরিবারের সদস্যরা শুকুরকে ধাওয়া করে হামলাডাঙ্গা বিলের কাছে তাঁকে ব্যাপক মারধর করেন। এ সময় তিনি মারা গেলে পরে তাঁর লাশ কাঁচা সড়কের ওপর ফেলে রাখা হয়। এ ঘটনার পর থেকে ওই মেয়ের বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে শুকুরের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাড়াশথানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে গুরুদাসপুরের মসিন্দা ইউপির বিল বিলাসপুর গ্রামের নিখিল দাসের বাড়ির পুকুরে তাড়াশের নাদোসৈয়দপুর গ্রামেরআবদুস সামাদের কয়েকটি হাঁস নেমে পড়ে। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই দিন বিকেলে নিখিল তাঁর লোকজন নিয়ে সামাদকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত রোববার রাতে তিনি মারা যান।

মো. আবদুস সামাদের মৃত্যুর বিষয়টি তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমান নিশ্চিত করেছেন।

(প্রতিবেদন তৈরি করতে সহায়তা করেছেন সিরাজগঞ্জ, শেরপুর ও ধুনট (বগুড়া) প্রতিনিধি)