বগুড়া জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে গতকাল বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে পেট্রলবোমা হামলা করে দুর্বৃত্তরা। বিএনপির দাবি, তারা ওই হামলার সঙ্গে জড়িত নন, এরপরও ক্ষমতাসীন দলের লোকেরা ওই হামলার জের ধরে তাদের কার্যালয়ে হামলা করেছে। তবে আওয়ামী লীগও এই অভিযোগ অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শী ও জেলা বিএনপি সূত্র জানায়, গতকাল রাত পৌনে আটটার দিকে ১৫-২০ জন ব্যক্তি শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির তালাবদ্ধ কার্যালয়ে হামলা করে। তাঁরা তালা ভেঙে ভেতরে ঢুকে কয়েকটি চেয়ার ভাঙচুর করে। এ সময় কিছু কাগজ জড়ো করে কার্যালয়ের ফটকে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নওয়াববাড়ি সড়কের একাধিক ব্যবসায়ী প্রথম আলোকে জানান, হামলাকারীরা বিএনপির কার্যালয়ের ফটকে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছায়।

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা ভাঙচুর, অগ্নিসংযোগ করে। হামলাকারীরা ক্ষমতাসীন দলের হওয়ায় পুলিশ কিছু বলেনি।’ তিনি দাবি করেন, আগের রাতে জেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে হামলার সঙ্গে হরতাল-সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই। অথচ ওই ঘটনার জের ধরে বিএনপি কার্যালয়ে হামলা করা হয়েছে।

এদিকে বুধবার রাত সোয়া দশটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের চেম্বার অব কমার্স ভবনের ব্যক্তিগত কার্যালয়ে তিনটি পেট্রলবোমা ছুড়ে মারে।

বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান প্রথম আলোকে বলেন,‘হরতাল-সমর্থকেরা জেলা সভাপতিকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরপর তিনটি পেট্রলবোমা ছুড়ে মারে।’

ওই ঘটনার জের ধরেই জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়েছে—বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে সুলতান মাহমুদ খান বলেন, বিএনপির কার্যালয়ে হামলার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার প্রশ্নই আসে না।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান দাবি করেন, পুলিশের উপস্থিতিতে জেলা বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ ভিত্তিহীন। বরং পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফটকের আগুন নিভিয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা। পুলিশকে ঘটনার সঙ্গে জড়ানো দুঃখজনক।