বগুড়া থেকে দুই জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া থেকে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন হাদিসুর রহমান সাগর (৩৬) ও আকরাম হোসেন খান নিলয় (২৪)। ২১ মার্চ রাতে জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ বলছে, হাদিসুর রহমান সাগর গুলশান হলি আর্টিজান হামলার অন্যতম সমন্বয়ক ও অস্ত্রের জোগানদাতা। আকরাম হোসেন খান নিলয় নব্য জেএমবির মূল সমন্বয়ক ও অর্থদাতা। ১৫ আগস্ট রাজধানীর কলাবাগানে জাতীয় শোক দিবসের র‍্যালিতে হামলার মূল পরিকল্পনাকারী নিলয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে জঙ্গি–সংশ্লিষ্ট গোপন যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
হাদিসুর রহমান সাগর জয়পুরহাটের সদর থানার কয়রাপাড়ার হারুন অর রশিদের ছেলে এবং আকরাম হোসেন খান নিলয় কিশোরগঞ্জের মিঠামইন থানার চারিগ্রামের আবু তোরাব খানের ছেলে।
পুলিশের ভাষ্য, কিছুদিন আগে এক জঙ্গি সদস্যকে আটকের পর তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে ২১ মার্চ রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দর থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। গতকাল তাঁদের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, ওই দুজনই ‘হাই প্রোফাইল’ জঙ্গি নেতা। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।