বগুড়া পিডিবি কার্যালয়ে হামলা ও ভাঙচুর
বগুড়া শহরের নাটাইপাড়া ও চেলোপাড়ায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। পিডিবি কর্তৃপক্ষ বলছে, গতকাল রোববারের এ হামলায় তাঁদের দুজন কর্মচারী আহত হয়েছেন।
পিডিবির কর্মকর্তা ও গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার ইফতারের আগ মুহূর্তে বগুড়া শহরের চন্দনবাইশা সড়কের নাটাইপাড়া মধুবন সিনেমা হলের সামনের ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে নাটাইপাড়া ও চেলোপাড়ার বিদ্যুৎ চলে যায়।
কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, ট্রান্সমিটার বিকল হওয়ার বিষয়টি তাঁরা পিডিবির কর্মকর্তাদের জানানোর জন্য ফোন দেন। কিন্তু কেউ ফোন ধরেননি। এ কারণে শনিবার রাতভর তাঁদের অন্ধকারে কাটাতে হয়। তাঁরা গতকাল রোববার সকাল থেকে একাধিকবার পিডিবির অভিযোগ গ্রহণের টেলিফোনে চেষ্টা করেন। তখনো কেউ ফোন ধরেননি। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন গ্রাহক মোটরসাইকেল নিয়ে সকাল পৌনে ১০টায় পিডিবির সাতমাথা কার্যালয়ে হামলা চালিয়ে টেলিফোন সেট ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় অভিযোগ গ্রহণকারী নারী কর্মী লাকী আক্তার ও নিরাপত্তা প্রহরী মামুনুর রশীদকে মারধর করা হয়। এ সময় উপস্থিত কর্মচারীরা হামলাকারী চারজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে চারজনকে থানায় নিয়ে যায়। তাঁরা হলেন নাটাইপাড়া এলাকার লিটন মিয়া, সাইদুর রহমান, আবদুল আলিম ও সাগর হোসেন।
পিডিবির বিদ্যুৎ বিতরণ বিভাগ এলাকা-১-এর নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছেন। তিনি বলেন, নাটাইপাড়া ও চেলোপাড়া এলাকা বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর আওতাধীন। কিন্তু গ্রাহকেরা বিতরণ বিভাগ এলাকা-১-এর কার্যালয়ে হামলা চালিয়েছেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, পিডিবির নির্বাহী প্রকৌশলীর দায়ের করা মামলায় ওই চারজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।