বগুড়া পৌরসভার প্যানেল মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা
৭ কোটি ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ে উপপরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে আজ রোববার বগুড়া সদর থানায় মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছোট কুমিরা এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম ৩ কোটি ৯৮ লাখ ৬২৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তিনি দুদকে ৩ কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকার সম্পদের হিসাব দাখিল করলেও আয়ের উৎসের সঙ্গে তা অসামঞ্জস্যপূর্ণ ছিল। প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় দুদক আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। আমিনুল ইসলাম বগুড়ার শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক।