বগুড়ার পৌর মেয়র আ.লীগ নেতার হাতে লাঞ্ছিত?
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়রকে নিজ বাসভবনে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে শহর আওয়ামী লীগের এক নেতা এ ঘটনা ঘটান।
জানতে চাইলে মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, শহর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান তাঁকে চড় মেরেছেন। শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারসহ ১০ থেকে ১২ জন তাঁর সঙ্গে ছিলেন। এ সময় তাঁকে পৌরসভায় মেয়রের চেয়ারে বসতে দেওয়া হবে না, রাস্তায় বের হলে গুলি করে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। তিনটি বাজার ইজারার দরপত্র আহ্বানের জেরে এ ঘটনা ঘটে।
আবদুল মতিন সরকার বাংলা ১৪২৩ সনের জন্য পৌরসভা থেকে শহরের রাজাবাজার ৫৪ লাখ টাকা, ফতেহ আলী বাজার ১৬ লাখ ও চেলোপাড়া চাষি বাজার ২৫ লাখ টাকায় ইজারা নেন। ১৩ এপ্রিল ইজারার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু ইজারাদার ওই তিনটি বাজার আরও এক বছর ইজারা বহাল রাখার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট আগের বছরের ইজারা মূল্যেই তাঁকে তিনটি বাজারের ইজারাদার বহাল রাখার আদেশ দেন। কিন্তু হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পৌর মেয়র সুপ্রিম কোর্টে লিভ টু আপিল (আপিল অনুমতির আবদেন) করেন।
মেয়র বলেন, আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরপর আইনগত বাধা না থাকায় শহরের ওই তিনটি বাজার ১৪২৪ সালের পয়লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত নতুন করে ইজারা দেওয়ার জন্য ৩১ মার্চ স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ঘটনায় আবদুল মতিন তাঁর ওপর ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য কয়েক দিন ধরেই আবদুল মতিন মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করছিলেন। গতকাল সকালে মুঠোফোনে যোগাযোগ করেন ইজারাদারের পক্ষে তাঁর বাজার-তত্ত্বাবধায়ক কানাইলাল জয়সোয়াল। অসুস্থতার কথা জানালে, সকাল সাড়ে ১০টার দিকে আবদুল মতিন, আবদুল মান্নান, কানাইলালসহ ১০ থেকে ১২ জন তাঁর শহরের জলেশ্বরীতলা সিপলা ভবনের তৃতীয় তলায় আসেন। অতিথিশালায় বসে এ নিয়ে কথা বলার একপর্যায়ে আবদুল মান্নান তাঁকে গালাগাল করেন এবং চড় মারেন। পারিবারিক ও দলীয়ভাবে আলোচনা করে এ ঘটনায় মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল মান্নান বলেন, উচ্চ আদালতের নির্দেশ লঙ্ঘন করে শহরের তিনটি বাজারের ইজারা বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা নিয়ে মেয়রের সঙ্গে শুধু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
আবদুল মতিন সরকার বলেন, গতকাল মেয়রের বাসায় গিয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের আদেশের কাগজ দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু তিনি তা দেখাতে পারেননি। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। তাঁকে লাঞ্ছিত করা বা হুমকির কোনো ঘটনা ঘটেনি।
সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, বিষয়টি মেয়র মৌখিকভাবে জানিয়েছেন। মামলা হয়নি।