বগুড়ার মসজিদে হামলাকারী তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মসজিদের স্তম্ভে গুলির চিহ্ন। ছবি: সোয়েল রানা, বগুড়া
মসজিদের স্তম্ভে গুলির চিহ্ন। ছবি: সোয়েল রানা, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিয়া মসজিদে নামাজ আদায় করার সময় মুসল্লিদের ওপর হামলাকারী ছিল তিনজন। এর মধ্যে দুজন ছিল শার্ট-প্যান্ট পরা। একজনের গায়ে ছিল পাঞ্জাবি। গুলিবিদ্ধ ইমাম শাহিনুর ইসলামের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায় বলে জানিয়েছে পুলিশ।
রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচার কক্ষে নেওয়ার আগে ইমাম শাহিনুর ইসলাম জানান হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল। এদের মধ্যে দুজন শার্ট-প্যান্ট পরা ছিল। একজনের গায়ে ছিল পাঞ্জাবি। হামলার পর মসজিদের প্রাচীর টপকে হামলাকারীরা পালিয়ে যায় বলে ইমাম জানান।
ঘটনাস্থল পরিদর্শন করে এসে বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, মসজিদের পিলারে অন্তত ছয়টি গুলির চিহ্ন রয়েছে। ওই মসজিদে বিদেশি সহায়তা আসত। তিনি রাত ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ শাহিনুর ইসলামের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত প্রত্যেককে ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা এবং নিহত মোয়াজ্জিনের লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‍্যাব, পুলিশ ও পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।