বগুড়ায় অপহৃত কর্মকর্তাকে উদ্ধার, নয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সংঘবদ্ধ অপহরণকারী ও প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বেচ্ছাসেবী একটি সংস্থার (এনজিও) শাখা ব্যবস্থাপককে অপহরণের পর নারী সদস্যকে দিয়ে ভয় দেখিয়ে ও জিম্মি করে তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। অপহৃত এনজিও কর্মকর্তা জাহিদুল ইসলাম (৩২) ও মুক্তিপণের ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার রাতভর শহরের মালতিনগরসহ বিভিন্ন এলাকায় পুলিশ উদ্ধার অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন স্বপ্না বেগম, মালা বেগম, শারমীন আকতার, রেখা বেগম, সুলতান, মানিক, মনির, পিয়াস ও আবদুল গফুর।

গতকাল বুধবার বিকেলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, এসকে ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার বগুড়া উপজেলার ঘোড়াধাপ শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম গত সোমবার সন্ধ্যায় সংস্থার কাজ শেষে ঘোড়াধাপ এলাকায় ফিরছিলেন। পথে মাটিডালি মক্কা গ্যারেজ এলাকায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের খপ্পরে পড়েন তিনি। অপহরণকারী চক্রের সদস্যরা তাঁকে মোটরসাইকেলে জোর করে তুলে শহরের মালতিনগর এলাকার স্বপ্না বেগমের বাসায় আটকে রাখে এবং নারীদের দিয়ে আপত্তিকর ছবি ওঠানোসহ ভয় দেখায়। পরে অপহরণকারী চক্রের সদস্যরা মুঠোফোনে তাঁর পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পুলিশের ভাষ্যমতে, জাহিদুল ইসলামের পরিবার অপরহণকারীদের সোমবার রাতেই বিকাশের (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) মাধ্যমে প্রথমে ২০ হাজার এবং পরে আরও ৫ দফায় মোট ১ লাখ ১৬ হাজার টাকা প্রদান করে। এরপরও জাহিদুলকে মুক্তি না দেওয়ায় ৪ জুলাই তাঁর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়।

থানার পরিদর্শক আছলাম আলী বলেন, মুক্তিপণ প্রদানের ফাঁদ পেতে প্রথমে উপশহর এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই সদস্য সুলতান ও মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সঙ্গে নিয়ে শহরতলির বনানী-সুলতানগঞ্জ হাইস্কুল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। অপহরণকারী দলের সদস্যদের স্বীকারোক্তি অনুযায়ী রাতে শহরের মালতিনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃত জাহিদুলকে উদ্ধার ও অপহরণকারী চক্রের চার নারী সদস্যকেগ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে অপহরণ, ব্ল্যাকমেল ও মুক্তিপণ আদায়ের অভিযোগে বগুড়া সদর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক অপর দুই সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।