বগুড়ায় আ.লীগ নেতার সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটারে অবৈধ হস্তক্ষেপ করায় বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘দোয়েল সিএনজি স্টেশন’র গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলের কারখানার গ্যাস-সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপক শৈলজানন্দ বসাকের নেতৃত্বে সংযোগ বিচ্ছিন্নকারী একটি দল প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালায়।
পিজিসিএলের ব্যবস্থাপক বলেন, বগুড়ার ঝোপগাড়ি এলাকায় দোয়েল সিএনজি স্টেশনে মিটারে অবৈধভাবে হস্তক্ষেপ করে এত দিন গ্যাস ব্যবহার করা হচ্ছিল। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে হয়েছে।
দোয়েল সিএনজি স্টেশনের মালিক আবুল কালাম আজাদ দাবি করেন, মিটারে অবৈধ হস্তক্ষেপ করা হয়নি। মিথ্যা অভিযোগে তাঁর প্রতিষ্ঠানের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পিজিসিএলের ওই কর্মকর্তা আরও জানান, আকবরিয়া গ্র্যান্ড হোটেলের অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের খবর পেয়ে গত ১০ ফেব্রুয়ারি গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বাধার মুখে পড়তে হয়।
এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটিকে ৬ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেলটি জরিমানা পরিশোধ করে। কিন্তু শর্ত ভঙ্গ করে কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার অব্যাহত রাখায় গতকাল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।