বগুড়ায় ইউএনওকে লাঞ্ছিত করলেন আ. লীগ নেতারা
কাজ না করেই কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের প্রথম কিস্তির গম তুলে নিয়েছিলেন এক আ. লীগ নেতা। আজ রোববার আবারও সরবরাহ আদেশের (ডিও) জন্য দলবল নিয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান তিনি। ইউএনও ব্যস্ত থাকায় ডিও স্বাক্ষর করতে সামান্য দেরি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই নেতা ও তাঁর দলের লোকেরা ইউএনওকে লাঞ্ছিত ও তাঁর কার্যালয় ভাঙচুর করেন।
ওই নেতার নাম আ. মান্নান, তিনি রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং একই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান এ হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ।
উপজেলা পরিষদের সাত থেকে আটজন কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চারজন চেয়ারম্যান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল মান্নান একটি রাস্তার নির্মাণকাজের জন্য আট মেট্রিক টন চাল বরাদ্দ নেন। কিন্তু তিনি কোনো কাজ না করেই প্রথম কিস্তির দুই মেট্রিকটন চাল তুলে বিক্রি করে দেন। এ নিয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিবুল ইসলাম উপজেলা পরিষদে মৌখিক অভিযোগ করেন। এর পর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার প্রকল্প কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবদুল মান্নানকে সঠিকভাবে প্রকল্পের কাজ করতে বলেন। এতে নাখোশ হয়ে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান বিষয়টি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ানকে জানান।
আবু সুফিয়ান আজ রোববার আবদুল মান্নানকে সঙ্গে নিয়ে সদর উপজেলার উপজেলা প্রকল্প কর্মকর্তা নায়েব আলীর কার্যালয়ে গিয়ে বাকি ছয় মেট্রিকটন চালের ডিও আদেশের ফাইলপত্রে স্বাক্ষর নেন। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য ইউএনওর কার্যালয়ে ফাইল নিয়ে আসেন। কিন্তু ইউএনও এ সময় দাপ্তরিক কাজে বাইরে ছিলেন। দুপুরের পর কার্যালয়ে ইউএনও একটি সভায় ব্যস্ত হয়ে পড়েন।
এ সময় আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান তাঁকে বসিয়ে রাখায় ক্ষিপ্ত হন। ইউএনও শাহানা আখতার জাহান প্রথম আলোকে বলেন, আবু সুফিয়ান বিকাল চারটার দিকে নেতা-কর্মীদের নিয়ে তাঁর কার্যালয়ে ঢোকেন। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা কার্যালয়ে ঢুকে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলামকে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলে। বিষয়টির প্রতিবাদ করলে নেতা-কর্মীরা ইউএনও শাহানা আখতারকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় তারা কার্যালয়ের টেবিল-চেয়ার ও কাচ ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে তাঁর চেয়ার ধরে টানাটানি করে।
তবে আবু সুফিয়ান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর নেতা-কর্মীদের সঙ্গে ইউএনও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম আলী প্রথম আলোকে বলেন, ঘটনার পর পুলিশ সেখানে গেলে ইউএনও তাঁর কার্যালয়ে হামলার অভিযোগ করার কথা তাদের বলেছেন। তবে এ ঘটনায় রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।