বগুড়ায় এএসপির বিরুদ্ধে ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ

নির্যাতনের অভিযোগ আনা ব্যবসায়ী আহমেদ সাব্বির। ছবি: সোয়েল রানা
নির্যাতনের অভিযোগ আনা ব্যবসায়ী আহমেদ সাব্বির। ছবি: সোয়েল রানা

পাওনা টাকা চাওয়ায় বিনা অভিযোগে এক ব্যবসায়ীকে পুলিশ লাইনসে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কুদরত-ই-খুদার বিপক্ষে। রোববার দিবাগত রাত ১১টার দিকে বগুড়া পুলিশ লাইনসের অফিসার্স মেসের সামনে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ব্যবসায়ীর নাম আহমেদ সাব্বির। দেড় বছর ধরে মুদ্রণের কাজ ছাড়াও বগুড়া জেলা পুলিশের কাছে ক্রোকারিজসহ বিভিন্ন উপহার সামগ্রী সরবরাহ করে আসছিলেন তিনি।

রোববার রাতেই নিরাপত্তাহীনতা ও জীবনের শঙ্কার কথা উল্লেখ করে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেন তিনি। তবে সোমবার রাত ১০টা পর্যন্ত পুলিশ তা গ্রহণ করেনি।

আহমেদ সাব্বির বলেন, গত বছরের ডিসেম্বরে জেলা পুলিশের পক্ষ থেকে ৪০০ কপি ফটোবুক তৈরির অর্ডার দেওয়া হয় তাঁকে। প্রতি কপির মূল্য ৬০০ টাকা হিসেবে মোট ২ লাখ ৪০ হাজার টাকার বিল পাওনা ছিল আহমেদ সাব্বিরের। তাঁর অভিযোগ, অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে সব ফটোবুক সরবরাহ করা হলেও কাজের মান ভালো হয়নি, এই অজুহাতে বিল পরিশোধে অস্বীকৃতি জানানো হয়। পাওনা টাকা পরিশোধের জন্য বেশ কয়েকবার অনুরোধ করলেও টাকা পরিশোধ করা হয়নি। বরং বারবার টাকা পরিশোধের কথা বলায় তাঁর ওপর ক্ষিপ্ত হন কুদরত-ই-খুদা।

আহমেদ সাব্বিরের অভিযোগ, গতকাল রোববার রাতে এএসপি কুদরত-ই খুদা তাঁকে ফোন করে পুলিশ লাইনস অফিসার্স মেসের সামনে যেতে বলেন। এরপর হঠাৎই দেহরক্ষীকে ডেকে সাব্বিরকে পেটানোর নির্দেশ দেন তিনি। একপর্যায়ে আত্মরক্ষার চেষ্টা করলে কুদরত-ই খুদা নিজেই তাঁকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে রাতেই থানায় সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ ডায়েরি নিতে অস্বীকৃতি জানায়।

অভিযোগের বিষয়ে জানতে কুদরত-ই-খুদার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। পরে খুদেবার্তা পাঠিয়ে তাঁর সাড়া মেলেনি।

জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, লিখিত নয়; সাব্বির মৌখিক অভিযোগ করেছেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা প্রথম আলোকে বলেন, ‘অভিযোগকারী ব্যবসায়ী আমার সঙ্গে দেখা করে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাঁকে লিখিতভাবে অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’