বগুড়ায় এক রাতে দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের ঠনঠনিয়ার মাহবুবনগর এলাকায় গত সোমবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই রাতে শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজারের নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।

ঠনঠনিয়ায় নিহত যুবকের নাম শহিদুল ইসলাম (২২)। তিনি মাহবুবনগর এলাকার আনছার আলীর ছেলে। শাজাহানপুরে নিহত ব্যক্তির নাম আনোয়ারুল ইসলাম (৪২)। তিনি কাটাবাড়িয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

সদর থানা-পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ১১টার দিকে শহিদুলকে বাড়ির অদূরে মাঠে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে যায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, গতকাল মঙ্গলবার শহিদুলের বাবা আনছার আলী বগুড়া সদর থানায় মামলা করেছেন। মিলন নামের এক যুবককে মারধর করার জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। মাদক সেবনের টাকা নিয়ে বিরোধের জেরে এ খুন হয়ে থাকতে পারে।

শাজাহানপুর থানা-পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে আনোয়ারুল ইসলাম আড়িয়াবাজারে টহল দিচ্ছিলেন। রাতের কোনো একসময় তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফেলে যায়। গতকাল সকালে বাজারের আবর্জনার স্তূপে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।