বগুড়ায় গুলি করে বোমা ফাটিয়ে লুট ৬০০ ভরি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা থেকে নিউমার্কেট পর্যন্ত মেরিনা সড়কে তখন পথচারী আর দুই পাশের দোকান ও বিপণিকেন্দ্রের ক্রেতা-বিক্রেতাদের ঠাসা ভিড়। এর মধ্যে হঠাৎ গুলি, পরপরই বোমার বিকট শব্দ। আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে লোকজন। আতঙ্কের এমন পরিবেশ তৈরি করে নিউমার্কেটের গোল্ডেন মার্কেটের একটি সোনার দোকান লুট করেছে দুর্বৃত্তরা। আল-হাসান জুয়েলার্স নামের দোকানটির মালিকের দাবি, দুর্বৃত্তরা প্রায় ৬০০ ভরি সোনা নিয়ে গেছে।
গতকাল শনিবার সন্ধ্যার এ ঘটনায় ডাকাতের গুলিতে আল-হাসান জুয়েলার্সের মালিক গুলজার রহমান ছাড়াও তিনজন পথচারী আহত হয়েছেন। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, লুট হওয়া সব সোনা উদ্ধার করা হয়েছে। সঙ্গে আহত অবস্থায় আটক করা হয়েছে একজনকে।
আল-হাসান জুয়েলার্সের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর বেচাকেনা কম থাকায় তাঁরা স্বর্ণালংকারগুলো গোছগাছ করছিলেন। তখন মালিকসহ তাঁরা চারজন দোকানে ছিলেন। ঘটনার মাত্র ১৫ মিনিট আগে এক যুবক তাঁদের দোকানে আংটি কেনার জন্য আসেন। আংটি দেখার পর পছন্দ না হওয়ায় চলে যান। তাঁর আচরণ ছিল সন্দেহজনক। এর ১৫ মিনিটের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে ছয়-সাতজন যুবক দোকানে ঢুকেই প্রথমে মুখোশ পরে নেন। এরপর দোকানমালিক গুলজার রহমানের পায়ে গুলি করেন।
শফিকুল ইসলাম বলেন, ‘এ সময় আমাকেসহ দোকানের অন্য তিনজন কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাইরে বের করে দেওয়া হয়। আরেকটি দল তখন মেঘনা সড়কে বোমা ফাটাচ্ছিল।’
গুলিবিদ্ধ দোকানমালিক গুলজার রহমানের ভাষ্যমতে, ডান পায়ে গুলি করার পর তিনি লুটিয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা সিন্দুক খুলে দিতে বলে। তারা সিন্দুক খুলে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার বস্তায় ভরে। দোকানের শোকেস ভাঙচুর করে সেখানে সাজিয়ে রাখা আরও ১০০ ভরির মতো স্বর্ণালংকারও লুট করে। এরপর সিসি টিভির হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়ে যায়।
দোকানের কর্মচারী সুমন বলেন, ১০ থেকে ১২ মিনিটেই সবকিছু হয়েছে। এই সময়ে প্রায় অর্ধশত বোমা ফাটানো হয়েছে। সবার সামনে দিয়ে বস্তাভর্তি সোনা নিয়ে পালিয়ে যায় তারা।
গুলজার রহমানের শ্যালক আবদুল করিম বলেন, তিনি টেম্পল সড়কে চা পান করছিলেন। এ সময় সেখানে দেখেন, সিলভার রঙের একটি মাইক্রোবাস চালু করে রেখে একজন দরজা খুলে দাঁড়িয়ে রয়েছেন। বোমার বিকট শব্দ পেয়ে তিনি মেঘনা সড়কে আসেন। দেখেন, হিন্দি সিনেমার মতো বোমা ফাটাতে ফাটাতে একজন একটি বস্তা কাঁধে দৌড়াচ্ছেন। অন্যরা তাঁর পিছু পিছু এগোচ্ছেন আর গুলি ছুড়ছেন। এরপর ভগ্নিপতির দোকানে এসে দেখেন, তিনি গুলিবিদ্ধ অবস্থায় গোঙাচ্ছেন।
রাতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এসপি বলেন, ডাকাতির পরপরই ঘটনা জানতে পারে পুলিশ। সঙ্গে সঙ্গে সব থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে দিয়ে সতর্কাবস্থা জারি করা হয়। বনানী মোড় থেকে নয়মাইল নামে এলাকা পর্যন্ত চারটি স্থানে দুর্বৃত্তদের মাইক্রোবাসটি থামানোর চেষ্টা করে পুলিশ। প্রতিবারই দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়। অবশেষে নয়মাইল এলাকায় মাইক্রোবাসটি থামানো যায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ভেতর থেকে আহত অবস্থায় আলমগীর হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়। তাঁর বাড়ি পাবনার আতাইকুলা এলাকায়। মাইক্রোবাস থেকে বস্তাভর্তি লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।
সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় গুলিবিদ্ধ দোকানমালিক গুলজার রহমানের স্ত্রী উপস্থিত ছিলেন। তিনি স্বর্ণালংকারগুলো দেখানোর দাবি তুললে এসপি বলেন, ‘এখন দেখানো যাবে না। আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে সেগুলো হস্তান্তর করা হবে।’