বগুড়ায় চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এবং স্থানীয় এক যুবককে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে বগুড়ার ধুনট থানার পুলিশের চার কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার এ নির্দেশ দেন। এ ছাড়া তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা রয়েছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি সদর) গাজিউর রহমান গত শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ও পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেবকে প্রত্যাহার করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে বদলির জন্য সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) আলহাজ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিছুর রহমানকে প্রত্যাহার করে কাহালু থানায় বদলি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বিচারপতি মো. বদরুজ্জামান ঢাকা থেকে উপজেলার কৈগাতি গ্রামে শ্বশুরবাড়ি আসেন। পথে বগুড়ার চান্দাইকোনা থেকে তাঁকে পুলিশি নিরাপত্তা দিয়ে শ্বশুরবাড়ি পর্যন্ত নিয়ে আসার জন্য ধুনট থানার পুলিশের ওপর সরকারি নির্দেশনা ছিল। কিন্তু পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেব এই নির্দেশনা পালন করতে যথাসময়ে সেখানে যাননি। এ কারণে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এসপি মোজাম্মেল হক তাঁকে তাৎক্ষণিকভাবে তাঁর কার্যালয়ে প্রত্যাহার করেন। এ ছাড়া চালাপাড়া গ্রামের কামাল পাশা নামের এক যুবককে মিথ্যা অভিযোগে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে নির্যাতন ও পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার অভিযোগে ওসি মোজাফ্ফরকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এবং এসআই আলহাজ ও এএসআই আনিছুরকে প্রত্যাহার কাহালু থানায় বদলি করা হয়েছে।
কামাল পাশা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তাঁকে চুরির মিথ্যা অভিযোগে থানায় আটক রেখে নির্যাতন করে পুলিশ।
ওসি মোজাফ্ফর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, চালাপাড়া গ্রামের আবু হেলাল নামের এক শিক্ষকের মোটরসাইকেল চুরিতে জড়িত সন্দেহে কামালকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।