বগুড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুন্নবীসহ ছয়জনকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, এ সময় তাঁদের কাছ থেকে ৫২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁরা একটি ডাকাতি মামলার আসামি।
নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়ার এক বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নুরুন্নবীর (৩০) বাড়ি শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামে।
নন্দীগ্রাম থানার ওসি হাসান শামিম ইকবাল বলেন, ছাত্রলীগের এই নেতাসহ ছয়জন মহাসড়কে ডাকাতি মামলার আসামি। গত ২৫ মার্চ তাঁরা উপজেলার হাটলাল এলাকায় সড়ক ডাকাতির নেতৃত্ব দেন। ওই ঘটনায় দুজন ‘ডাকাত’ গ্রেপ্তার হন। তাঁরা জিজ্ঞাসাবাদে দলের অন্য যে সদস্যদের নাম বলেন তাঁদের মধ্যে এ ছয়জনও রয়েছেন।
নুরুন্নবীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক বলেন, জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার সময় নুরুন্নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। এখন মামলায় গ্রেপ্তার হওয়ায় বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।