বগুড়ায় ছাত্রলীগের ওপর হামলা, পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বাসভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে মোটর শ্রমিকদের হামলায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের সামনের সড়ক আড়াই ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন।

এ ঘটনায় আহত ছাত্ররা হলেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিন প্রামাণিক, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, তুষার আহমেদ ও সাদ্দাম হোসেন। এদের মধ্যে শাহিন প্রামাণিক ও তুষার আহমেদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, কলেজের ভূগোল প্রথম বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রলীগের সাবেক নেতা শাকিল আহমেদ শুক্রবার বিকেলে শেরপুর উপজেলা থেকে বাসে বগুড়ায় ফিরছিলেন। পথে ভাড়া নিয়ে বাসের শ্রমিকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে মোটর শ্রমিকেরা শহরের তিনমাথা রেলগেট এলাকায় শাকিলকে আটকে রাখেন। খবর পেয়ে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা শাকিলকে উদ্ধার করতে সেখানে যান।

আসলাম অভিযোগ করেন, তিনমাথা এলাকায় যাওয়ার পর মোটরশ্রমিক সদস্য মানু, বাদলসহ কয়েকজন রড ও লাঠি নিয়ে ছাত্রলীগ নেতাদের ওপর হামলা করেন। হামলায় তাঁদের পাঁচ নেতা-কর্মী আহত হন। এর পর সেখান থেকে ফিরে ক্যাম্পাসে এসে শহরের স্টেশন সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অবরোধের খবর পেয়ে বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) নাজির আহমেদ খান, সদর থানার ওসি আবুল বাসার ঘটনাস্থলে গিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর পর ছাত্রলীগ অবরোধ তুলে নেয়। নাজির আহমেদ খান বলেন, ছাত্রলীগ নেতা-কর্মীরা মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

হামলার ব্যাপারে জানতে চাইলে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের সঙ্গে কোনো শ্রমিকের ঝামেলার ব্যাপারে এখন পর্যন্ত কেউ কিছু বলেননি। বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না।’