বগুড়ায় ছাত্রলীগের নেতাসহ দুজনকে কুপিয়ে জখম
বগুড়ায় গত রোববার রাতে ছাত্রলীগের এক নেতা ও এক কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ ও কর্মী নাজমুল ইসলাম। শহরের সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন জহুরুল নগরে রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জহুরুল নগর এলাকার স্থানীয় তিনজন বাসিন্দা এবং ওই এলাকার ছাত্রাবাসে থাকা আটজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, জহুরুল নগর এলাকায় শতাধিক মেসআছে। দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা বেনজির এগুলো নিয়ন্ত্রণ করছেন। তিনি নিজেও জহুরুল নগর এলাকার ভাইভাই ছাত্রাবাসে থাকেন।
কয়েকজন সাধারণ শিক্ষার্থীর অভিযোগ, এসব মেসকে ঘিরে জহুরুল নগরের ব্যাংকপাড়ার কিছুসংখ্যক যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মাদকের ব্যবসায় জড়িত ওই যুবকদের সঙ্গে ছাত্রলীগের নেতা বেনজিরেরও সখ্য ছিল। কিন্তু সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জের ধরে রোববার রাতে কয়েকজন দুর্বৃত্ত ভাইভাই ছাত্রাবাসের সামনে বেনজির ও নাজমুলকে কুপিয়ে জখম করে।
এরপর ওই এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় তারা দেশি অস্ত্র হাতে মহড়া দেয়। পরে সুরভি ছাত্রাবাস, নাজমা ছাত্রাবাসসহ বেশ কয়েকটি মেসের বৈদ্যুতিক মিটার ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই এলাকার মেসগুলোর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
ছাত্রলীগের আহত দুই নেতা-কর্মীকে রোববার রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বেনজিরের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক বলেন, দলীয় কারণে নয়, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি হামলার শিকার হয়েছেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী গতকাল সোমবার বিকেলে বলেন, বেনজিরকে কুপিয়ে আহত করা হয়েছে। তবে কারা কী কারণে তাঁর ওপর হামলা চালিয়েছে, সেটা পুলিশ জানে না। এ ব্যাপারে থানায় এখনো কেউ মামলাও করেনি।