বগুড়ায় ছাত্রী ধর্ষণে জড়িতদের শাস্তির দাবি

বগুড়ায় ক্যাডার দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ এবং মেয়েটিসহ ও তাঁর মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েছেন বগুড়ার মানুষ। তাঁরা অভিযুক্ত শ্রমিক লীগের নেতা, নারী কাউন্সিলরসহ জড়িত অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
রোববার বিকেলে শহরের সাতমাথায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও নারীবাদী বিভিন্ন সংগঠন ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশ নেওয়া কবি, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার বলেন, এটা চরম পৈশাচিক ও দানবীয়। সম্মিলিতভাবে এর প্রতিবাদ জানাতে হবে।
সুশাসনের জন্য নাগরিকের (সনাক) জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষমতাসীনদের ছত্র ছায়ায় থাকা তুফান সরকারের মতো ধর্ষককে শুধু ‘চমক দেখানোর জন্য’ গ্রেপ্তার করলে হবে না, বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ অতীতেও ক্ষমতাসীনদের ছত্র ছায়ায় থাকা ‘আরেক সরকার’কে (তুফান সরকারের ভাই) গ্রেপ্তার করায় র্যাবের এক কর্মকর্তা রাতারাতি বদলি হয়েছেন। আওয়ামী লীগের জেলা সভাপতি মমতাজ উদ্দিনের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘কিশোরী মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আজকের এই সর্বস্তরের পেশাজীবীদের প্রতিবাদ কর্মসূচিতে তাঁর একাত্মতা ঘোষণা করা দরকার ছিল। কারণ মুখে মুখে যতই জয়বাংলা, মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন না কেন, যত দিন দলে তুফান-মতিনেরা থাকবে তত দিন সোনার বাংলা গড়ে উঠবে না।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ প্রতিবাদ সমাবেশে বলেন, ‘কিশোরী মেয়েটির প্রতি যে নির্যাতন চালানো হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এই বর্বরতার নায়ক তুফান সরকার একদিনে গড়ে ওঠেনি। এর আগেও ইয়াবা-ফেনসিডিলসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে মুক্তিও পেয়েছেন। রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে সমাজে নানা অপরাধী কর্মকাণ্ড করে তাঁর মতো ব্যক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। এ কারণে নেপথ্যের নায়কদেরও গ্রেপ্তার করতে হবে। একজন নারী হয়ে মা-মেয়ের চুল কেটে দিয়ে পৌরসভার কাউন্সিলর শুধু অপরাধ করেননি, তিনি এখন নারী জাতির কলঙ্ক।’
সচেতন নাগরিক সমাজ আয়োজিত দেড়ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে আরও বক্তব্য দেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, নারী নেত্রী ও মানবাধিকার কর্মী মাহফুজ আরা মিভা, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, উদীচী জেলা শাখার সভাপতি মাহমুদুস সোবহান ও সহসভাপতি ফিরোজ হামিদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক প্রমুখ।