বগুড়ায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে বেড়াতে এসে গত শুক্রবার নার্সিং কলেজের এক ছাত্রী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে বান্ধবীর বাড়ি থেকে বের হয়ে শহরতলির একটি বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল ওই ছাত্রী। একপর্যায়ে সেখানকার সিএনজিচালিত অটোরিকশার একজন চেইনমাস্টার ও একজন ইজিবাইকের চালক কৌশলে ছাত্রীটিকে পাশের মহল্লার একটি বাড়িতে নিয়ে যায়। এরপর ওই দুজনসহ পাঁচজন ছাত্রীটিকে ধর্ষণ করে। ওই দিন রাত তিনটার দিকে মেয়েটির চিৎকারে প্রতিবেশী একজন এগিয়ে আসে। তবে নিরাপদ আশ্রয় দেওয়ার নামে সেও ছাত্রীটিকে ধর্ষণ করে। পরে অন্য প্রতিবেশীরা মেয়েটিকে উদ্ধার করে শাজাহানপুর থানায় খবর দেন। পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির মুখ থেকে সব শোনার পর পুলিশ গতকাল শনিবার সকালে ইজিবাইকের চালক শহরতলির বেজোড়া মহল্লার রাকিব হোসেন (২৫) এবং ঢাকন্তা গ্রামের মিন্টু মিয়াকে (৩৬) গ্রেপ্তার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আটক রাকিব ও মিন্টুকে মেয়েটির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।