বগুড়ায় ছুরিকাঘাতে নিরাপত্তা কর্মী খুন
বগুড়া শহরের জহুরুলনগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবদুল কুদ্দুস (৩২) নামের একজন নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল কুদ্দুসের বাড়ি শিবগঞ্জ উপজেলার পঞ্চদাসবাসা গ্রামে। তিনি জহুরুলনগর এলাকায় ভাড়াবাসায় থাকতেন এবং শহরের সাতমাথা-সংলগ্ন মেরিনা নদীবাংলা কমপ্লেক্সে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের তিতুমীর হলের পেছনে জহুরুলনগর এলাকায় ছিনতাইকারীরা ছুরিকাহত করে আবদুল কুদ্দুসের মুঠোফোন ও টাকাপয়সা কেড়ে নেয়। পরে স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত নয়টার দিকে তিনি মারা যান।
বগুড়া মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই শাহ আলম বলেন, নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন শেষে রাতে জহুরুলনগর এলাকার বাসায় ফিরছিলেন আবদুল কুদ্দুস। পথে পেছন থেকে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাত নয়টার দিকে হাসপাতালে তিনি মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।