বগুড়ায় জঙ্গিবিরোধী অভিযান চলছে
বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান চলছে। জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাবের নেতৃত্বে গতকাল রোববার রাত থেকে এই অভিযান চলছে। এতে র্যাব সদস্যসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের ৪৫০ সদস্য অংশ নিচ্ছেন। র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এরই মধ্যে বগুড়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।
র্যাব-৫ রাজশাহী অঞ্চলের কমান্ড ইন অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চর কাজলা ও ধুনটের নিমগাছি ইউনিয়নে অভিযান চালানো শুরু হয়েছে। গতকাল রাত ১২টা থেকে অভিযান চলছে। এখন পর্যন্ত অভিযানে কিছু পাওয়া যায়নি বলে তিনি জানান। এ ব্যাপারে আনুষ্ঠানিক বিফ্রিং করা হবে বলে জানিয়েছেন তিনি।
মাহবুব আলম বলেন, অভিযানে র্যাব, বিজিবি ও পুলিশের ৪৫০ সদস্য অংশ নিচ্ছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, অভিযান পরিচালনার জন্য র্যাবের চাহিদার ভিত্তিতে ২০০ পুলিশ সদস্য দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে র্যাবের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।