বগুড়ায় জামায়াতের সেই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলা থেকে রক্ষা পেতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জমি ঘুষ দিয়ে আলোচিত বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের সেই সাবেক চেয়ারম্যান এবং জেলা জামায়াতের শুরা সদস্য ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার চকজোড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়।

২০১৩ সালের ৩ মার্চ চাঁদে মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে দেখা গেছে বলে গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডব-নাশকতার মামলাসহ এক ডজনেরও বেশি নাশকতার মামলার আসামি জামায়াত নেতা ইয়াছিন আলী। এসব মামলা থেকে বাঁচতে শাজাহানপুর থানার সাবেক ওসি মাহমুদুল আলমকে জমি ঘুষ দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি। ওসি এই জমি লিখে নিয়েছিলেন দুই ভাই মাহবুবুর রহমান তালুকদার ও শাহিন রেজার নামে। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

এ নিয়ে ২০১৩ বছরের ২১ ডিসেম্বর প্রথম আলোয় ‘ছি ছি ওসি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘জামায়াত নেতা ইয়াছিন আলীর বিরুদ্ধে ভাঙচুর নাশকতার ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে আটটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। অন্য আরও ছয়টি মামলা তদন্তাধীন রয়েছে।’