বগুড়ায় জামায়াতের ১২ নেতা-কর্মী গ্রেপ্তার
বগুড়ায় ‘সরকারবিরোধী গোপন বৈঠক’ করার সময় গতকাল শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর সাবেক সাংসদসহ দলের ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত বছরের ৩ মার্চ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে নাশকতা ও সহিংসতার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে গত বছরের ৩ মার্চ গানপাউডার ছিটিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্স পোড়ানোর মামলায় উপজেলা ওলামা দলের নেতা (কমিটি নেই) আনছার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের ‘জামায়াত নিয়ন্ত্রিত’ ক্লিনিক হিসেবে পরিচিত সুমা ক্লিনিকের চতুর্থ তলায় জামায়াতের নেতা-কর্মীরা শুক্রবার ১০ দশটার দিকে সরকারবিরোধী ‘গোপন বৈঠক’ করছে বলে খবর পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বগুড়ার সদর থানা পুলিশের দুটি দল সেখানে অভিযানে যায়। অভিযান চালিয়ে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াতের সাবেক সাংসদ ও উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদতুজ্জামান, জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য গোলাম রব্বানী, শিবগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল খালেক, নোগল মাল্টি পারপাস সোসাইটির নির্বাহী পরিচালক নাফিউল সিদ্দিকী, শাজাহানপুর উপজেলার পাড়টেকুর মাদ্রাসার শিক্ষক আতিকুর রহমানসহ ২০ জনকে আটক করা হয়। যাচাইবাছাইয়ের পর সাবেক সাংসদসহ ১২ জনকে সহিংসতা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গত বছরের ৩ মার্চ জামায়াতের নেতা সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্সে হামলা চালিয়ে অধিকাংশ সরকারি দপ্তর পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় আনছার আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। শুক্রবার রাতে তাঁকে পৌর এলাকার দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
আনছার আলীর বিরুদ্ধে ভাঙচুর-নাশকতার একাধিক মামলা রয়েছে বলেও জানান শাহজাহান আলী।