বগুড়ায় ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান ৩০ লাখ টাকার পিপি দানা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় বিদেশ থেকে আমদানির পর ভ্যাট ও শুল্ক ফাঁকি দিয়ে কালোবাজারে বিক্রি করা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের পিপি (পলি প্রোপাইলিন) দানা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগ।

শুল্ক ও গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে র‍্যাব-পুলিশ সঙ্গে নিয়ে কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের বগুড়া অঞ্চলের উপকমিশনার নুর উদ্দিন মিলনের নেতৃত্বে একটি দল শহরের কাটনারপাড়া এলাকায় দি নিউ চান্দা ট্রান্সপোর্ট এজেন্সির গুদামে অভিযান চালায়। এ সময় ওই মালামাল জব্দ করা হয়।

নুর উদ্দিন মিলন বলেন, পিপি দানা পলিথিন তৈরির কাঁচামাল হলেও তা প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বন্ড সুবিধায় বিদেশ থেকে আমদানি করা এসব মালামাল হস্তান্তর করার প্রয়োজন হলে তা কাস্টমস বিভাগকে অবহিত করার কথা ছিল। কিন্তু শুল্ক ও ভ্যাট ফাঁকি দিতে তা কালোবাজারে বিক্রির পর ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে গোপনে বগুড়ার কয়েকজন ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছিল। মালামালগুলো কারা আনছিল, তা শনাক্তের চেষ্টা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমস বিভাগের এক কর্মকর্তা বলেন, প্লাস্টিক ও পলিথিন তৈরির কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য ১ হাজার ১১৪টি প্লাস্টিকের বস্তায় এসব মালামাল ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ঢাকা থেকে বগুড়ায় পাঠানো হয়েছিল।