বগুড়ায় তারেকের জন্মদিনের অনুষ্ঠানে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে বগুড়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে কর্মী-সমর্থকদের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও মারামারি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দলীয় কর্মী-সমর্থকদের লাঠিপেটা করেছে। হট্টগোলের মুখে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করে দলীয় কার্যালয়ে আশ্রয় নেন। পরে জন্মদিনের কেকটি এতিমখানায় পাঠানো হয়।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আটজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অতীতে সপ্তাহব্যাপী জন্মোৎসবের আয়োজন করা হতো। তবে এবার শহরের নওয়াববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ বানিয়ে সেখানে শুধু জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে সড়কে তৈরি অস্থায়ী মঞ্চের পেছনে ব্যানার টানিয়ে দুটি টেবিলে জন্মদিনের কেক রেখে সামনে দাঁড়ান জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় নওয়াববাড়ি সড়কের ওপর অবস্থান নেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী। অনুষ্ঠানে কেক কাটার ছবি তোলার সময় প্রধান অতিথি ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারকে কেক খাওয়ান জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
এ সময় সড়কের ওপর দাঁড়ানো কর্মী-সমর্থকেরা মঞ্চের কাছাকাছি যেতে চাইলে প্রথমে দুই পক্ষের মধ্যে হুড়োহুড়ি, হট্টগোল, ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নিলে পুলিশ লাঠিপেটা শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে জ্যেষ্ঠ নেতারা দ্রুত মঞ্চ ছেড়ে কেক নিয়ে কার্যালয়ের ভেতরে যান। কর্মীদের ধাক্কাধাক্কিতে ভেঙে যায় টেবিলসহ অস্থায়ী মঞ্চ।
নাম প্রকাশ না করার শর্তে দুজন নেতা বলেন, কেক কাটার ছবি তোলার সময় সামনে দাঁড়ানো নিয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাস এবং সাবেক পৌর কাউন্সিলর ও শহর যুবদলের সভাপতি মাসুদ রানার সঙ্গে আসা কর্মীদের মধ্যে হুড়োহুড়ি ও হট্টগোল থেকে ঘটনার সূত্রপাত হয়।
বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) ফজলে এলাহী বলেন, দুই নেতার সমর্থকদের মধ্যে হট্টগোল-হুড়োহুড়ি থেকে হাতাহাতি ও মারামারি শুরু হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়। এ সময় নেতারা জন্মদিনের কেক নিয়ে কার্যালয়ের ভেতরে আশ্রয় নেন।
তবে জেলা বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস দাবি করেন, কেক কাটা অনুষ্ঠানে আসা একজন কর্মীর গায়ে কেক লাগাকে কেন্দ্র করে ঠেলাঠেলি ও হুড়োহুড়ি হয়।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবদিন বলেন, উৎসবমুখর পরিবেশে কেক কাটার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এ সময় সড়কের ওপর অবস্থান নেওয়া কর্মী-সমর্থকদের মধ্যে একটু ঠেলাঠেলি ও হট্টগোল হয়েছে। তাতে জন্মদিনের অনুষ্ঠানে কোনো প্রভাব পড়েনি।
অন্যদিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেন, তারেক রহমানের জন্মদিনের কেক কাটার নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে তাঁরা (নেতারা) দলীয় কার্যালয়ে গিয়ে বসেন। সেখানে ঘণ্টা খানেক নিজেরা নানা বিষয়ে আলাপ-আলোচনা করেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জন্মদিনের কেক শহরের কারবালা এলাকার একটি এতিমখানায় পাঠিয়ে দেন।
তিনি দাবি করেন, জন্মদিনের অনুষ্ঠানে কোনো প্রকার হট্টগোল হাতাহাতি হয়নি এবং পুলিশের কোনো লাঠিপেটার ঘটনাও ঘটেনি। জন্মদিনের অনুষ্ঠানে আসা কর্মী-সমর্থকদের ছবি তুলে কেউ হট্টগোল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা হবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার।