বগুড়ায় তিন স্কুলশিক্ষককে পেটালেন যুবলীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর-বেলপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে স্থানীয় যুবলীগের এক নেতা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক খোন্দকার ওয়াদুদ হোসেনকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেন অভিযোগ করেন, উপজেলার মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি না হতে পেরে এবং বিদ্যালয়ের ভবন নির্মাণের উপকরণ সরবরাহের কাজ না পেয়ে দীর্ঘদিন ধরেই ক্ষিপ্ত ছিলেন। এর জের ধরে শুক্রবার বই উৎসবে দুই শিক্ষককে শিক্ষার্থীদের সামনেই মারধর করেন। ঘটনাটি ইউএনওকে অবহিত করায় সন্ধ্যায় মাঝিড়া বন্দরে লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেফাজত আরা মীরা বলেন, বই উৎসব ভন্ডুল করতে আল আমিন শিক্ষকদের মারধর করেন। পরে ইউএনওকে নালিশ করায় প্রধান শিক্ষককে নির্মমভাবে পিটিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেন, ‘এটা আমার বিরুদ্ধে পুরোপুরি ষড়যন্ত্র।’
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, ‘কোনো শিক্ষককে অন্যায়ভাবে পেটানোর ঘটনা সত্যি হলে ওই যুবলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।’
ইউএনও মোহাম্মদ রুবায়েত খান বলেন, ‘বই উৎসবে দুই শিক্ষককে মারধরের খবর পেয়ে শুক্রবারই ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে জেনেছি বিদ্যালয়ের বাইরে দুজন শিক্ষককে মারধর করা হয়। এ ছাড়া সন্ধ্যায় প্রধান শিক্ষকের ওপর হামলা হয়েছে বলেও মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ চেয়েছি, পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জেনেছি। মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।’