বগুড়ায় দুই অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ২
বগুড়ায় পৃথক দুটি অপহরণের ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) গত মঙ্গলবার অভিযান চালিয়ে একজন প্রবাসী এবং ভোগ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের এক কর্মচারীকে উদ্ধার করেছে। এসব ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক বলেন, বগুড়ার গাবতলী উপজেলার ত্রিমোহনী গ্রামের সৌদিপ্রবাসী শাহ আলম (৪২) সম্প্রতি দেশে আসেন। মঙ্গলবার বগুড়া শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠসংলগ্ন এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা মুঠোফোনে শাহ আলমের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এসপি আরও বলেন, অপহৃত শাহ আলমকে উদ্ধার এবং অপহরণকারী চক্রকে ধরতে বগুড়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহিন চৌধুরীর নেতৃত্বে বিকেলে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। মুক্তিপণের টাকা পাঠানোর নামে ফাঁদ পেতে মুঠোফোনে অবস্থান নিশ্চিত হওয়ার পর রংপুর শহরের বিকাশের একটি দোকান থেকে আবদুল্লাহ আল মামুন (২০) নামের অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে উদ্ধার করা হয় শাহ আলমকে। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারী দলের অন্য সদস্যরা।
এদিকে ওয়ালটনের কর্মচারী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নরপাড়া গ্রামের শাহাদৎ হোসেনকে (২৭) মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের হাকির মোড় এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অভিযোগ পেয়ে শাহাদৎকে উদ্ধারে রাতেই অভিযানে নামে উপপরিদর্শক আরিফ হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশ মুক্তিপণের টাকা দেওয়ার নামে ফাঁদ পেতে হাতেনাতে আটক করে বগুড়া শহরের জয়পুরপাড়ার আনোয়ার হোসেন ওরফে রানাকে (৩৩)। তার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় শাহাদৎকে।