বগুড়ায় ধর্ষণের অভিযোগে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারের বিরুদ্ধে সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি জানাজানির পর সালিসের নামে ধর্ষণের শিকার শিক্ষার্থী ও তাঁর মাকে নির্যাতন করা হয়। গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় পৃথক ধারায় দুটি মামলা হয়। গতকালই তিন সহযোগীসহ তুফান সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, শহরের একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে মেয়েটি। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। নির্যাতনের ঘটনায় মা ও মেয়ে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে গতকাল রাতে তুফান সরকার, তাঁর স্ত্রী আশা সরকার, আশা সরকারের বড় বোন ও বগুড়া পৌরসভার ৪,৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আকতারসহ ১০ জনের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে দুটি মামলা করেছেন। পুলিশ ওই দিন রাতেই তুফানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তুফানের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি প্রথম আলোকে বলে, মাস দেড়েক আগে বাসায় ফেরার পথে শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে মেয়েটির রিকশা আটকান তাঁর সহযোগী আলী আজম। তখন মেয়েটির মুঠোফোন নম্বর চাওয়া হয়। ওই সময় একটি ভুয়া নম্বর দিয়ে রক্ষা পেয়েছিল মেয়েটি।

এর সপ্তাহখানেক পরে মেয়েটির আসল মুঠোফোন নম্বর সংগ্রহ করে তুফান সরকার ফোন দেন। মেয়েটিকে সরকারি আজিজুল হক কলেজে ভর্তির প্রলোভন দেখান তিনি। তুফান মেয়েটিকে এসএসসি পাসের কাগজপত্রসহ চার হাজার টাকা পাঠানোর কথা বলেন।

নির্যাতিত মেয়েটির দাবি, সরকারি আজিজুল হক কলেজে ভর্তির আশায় থাকলেও ১৭ জুলাই তুফান মুঠোফোনে বলেন, ‘ভর্তি করানো সম্ভব হয়নি, তুমি আমার বাসায় এসে কাগজপত্র নিয়ে যাও।’

মেয়েটি বলে, বাসায় যেতে প্রথমে রাজি না হলেও তুফান জোরাজুরি করতে থাকেন। একপর্যায়ে তুফান তাঁর সহযোগীদের মাধ্যমে মেয়েটিকে তার বাসা থেকে নিজের বাসায় তুলে আনেন এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। ধর্ষণের বিষয়টি ফাঁস না করার জন্যও বলা হয়।

ধর্ষণের বিষয়টি তুফান সরকারের সহযোগীদের মাধ্যমে জেনে যান আশা সরকার ও মার্জিয়া আকতার। তাঁরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকেলে নির্যাতিত মেয়েটি এবং তাঁর মাকে লোক পাঠিয়ে ডেকে নেন। এ সময় তাঁদের বেধড়ক মারধর করা হয় এবং মা ও মেয়ের চুল কেটে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। পরে একটি সাদা কাগজে তাঁদের সই নিয়ে বগুড়া ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। ওই দিন রাতেই অসুস্থ মা ও মেয়েকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুফান সরকার ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার করা তাঁর অন্য তিন সহযোগী হলেন আলী আজম (২২), আতিকুর রহমান (২৩) ও রূপম (২২)। আশা ও মার্জিয়া পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে পুলিশ হেফাজতে থাকা তুফান সরকার ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেছেন, মেয়েটির সঙ্গে জোর করে কিছুই করা হয়নি।

বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড়া হবে না। অভিযোগের ভিত্তিতে ধর্ষক ও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।