বগুড়ায় নকল দুধের কারখানার সন্ধান তিনজন আটক
গুঁড়া দুধ, গ্লুকোজ ও কেমিক্যাল পাউডার পানিতে মিশিয়ে তৈরি করা হচ্ছিল গরুর দুধ। ননী আনতে মেশানো হতো সয়াবিন তেল। বগুড়ার সোনাতলা উপজেলায় গোয়েন্দা পুলিশ গতকাল রোববার গরুর নকল দুধ তৈরির এই কারখানার সন্ধান পেয়েছে।
উপজেলার শিহিপুর মধ্যপাড়া গ্রামের আবদুল মান্নানের বাড়িতে এ অভিযান চালানো হয়। নকল দুধ তৈরির সময় হাতেনাতে আটক করা হয় তিন কারিগরকে।
গোয়েন্দা পুলিশের অভিযানে আটক তিন কারিগর হলেন পাবনার বেড়া উপজেলার নাকালিয়া গ্রামের সরজিত ঘোষ (২০), একই উপজেলার পাটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের আবদুল হান্নান (২০) ও সোনাতলার পাকুল্যা ঘোষপাড়ার সজীব কুমার ঘোষ (২২)।
এ বিষয়ে গতকাল দুপুরে বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন। তিনি বলেন, আটক তিন কারিগর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নকল দুধ তৈরি করার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে এই কারখানায় ভেজাল দুধের কারবার চলছিল। কারখানায় গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ লিটার ভেজাল তরল দুধ উৎপাদন করা হতো।
ভেজাল দুধ তৈরির কারখানা থেকে প্রায় ১০০ লিটার নকল তরল দুধ, ১০ কেজি হাইড্রোজেন পার অক্সাইড, ২৫ কেজি সাদা পাউডার, ১০ কেজি গ্লুকোজ, ২০ লিটার সয়াবিন তেল, ৫টি ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আরও বলেন, নকল দুধের কারবারিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। এ ছাড়া নেপথ্যে যাঁরা আছেন, তাঁদের ধরতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।
গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, আটক কারিগরেরা পুলিশকে তথ্য দিয়েছেন যে কেমিক্যালের সঙ্গে নকল দুধে অনেক সময় ফরমালিনও মেশানো হতো।
সোনাতলা উপজেলার খামারি আবুল হোসেন বলেন, ভেজাল ও নকল দুধের কারবারিদের দাপটে বিপাকে পড়েছেন খামারিরা। নকল দুধে বাজার সয়লাব। প্যাকেটজাত করে তা ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। ফলে খামারিরা আসল দুধ বিক্রি করে দাম পান না।
বগুড়ার সিভিল সার্জন অর্ধেন্দু দেব বলেন, রাসায়নিক পদার্থমিশ্রিত এসব ভেজাল দুধ মানবদেহের জন্য ক্ষতিকর। এসব দুধ খেলে পেটের পীড়া, ডায়রিয়ার পাশাপাশি কিডনি ও যকৃৎ বিকল হওয়ার আশঙ্কা রয়েছে।